বাকৃবি হাই স্কুলে ২০২৬ সালের বই বিতরণ উৎসব সম্পন্ন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
-
২৬
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ,
বাকৃবি, ময়মনসিংহ।
নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘বই বিতরণ অনুষ্ঠান–২০২৬’। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নতুন শিক্ষাবর্ষে সবার সাফল্য কামনা করেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম এবং বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উদ্দীপনা। বই বিতরণ উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আমেজ, যা শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন